বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২২ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক ও মাঝি বাদল মোল্লা। এর আগে গত সোমবার দুপুরের দিকে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ ছিলেন।

মৃত জেলেরা হলেন, মো. নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইফুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নে। পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পাথরঘাটায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‘এফবি বরকত’ ট্রলারের মালিক বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে ৫ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলার উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সাগরে তখন প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়েছিলেন। হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। ৮ জন জেলে প্রায় দুঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য ট্রলারে উঠে প্রাণ বাঁচান। দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়। অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ৫ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনা শোনার পর সোমবারেই মালিক সমিতির পক্ষ থেকে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে সাগরে ট্রলার পাঠানো হয়। মঙ্গলবার ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পেলে, তার ভেতর থেকেই জেলেদের নিথর দেহ উদ্ধার করা হয়। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, মরদেহ নৌ পুলিশ ও কোস্ট গার্ড এর সহযোগিতায় সাগর থেকে পাথরঘাটায় নিয়ে আসা হচ্ছে।