মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি সংক্ষিপ্ত কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। রোববার (২৩ আগস্ট) ফ্রিডম ২৫০ গ্রাঁ প্রি অনুষ্ঠানে দুজনের কথাবার্তার পর মেলানিয়াকে আসন ছেড়ে চলে যেতে দেখা গেছে। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের একটি ভিউয়িং বুথে পাশাপাশি বসেছিলেন ট্রাম্প ও মেলানিয়া। একপর্যায়ে ট্রাম্প মেলানিয়ার দিকে ঝুঁকে কিছু কথা বলেন। মেলানিয়াকে তখন গম্ভীর ও কিছুটা দূরত্ব বজায় রাখা অবস্থায় দেখা যায়। কয়েক মুহূর্ত পর তিনি উঠে সেখান থেকে চলে যান।
ভিডিওটির শব্দ স্পষ্ট না হওয়ায় দুজনের মধ্যে ঠিক কী কথা হয়েছিল, তা জানা যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ কথোপকথনটি ঠোঁট দেখে বোঝার চেষ্টা করছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখানে ট্রাম্প ও মেলানিয়ার মধ্যে কী কথা হচ্ছে, কোনো লিপ-রিডার কি বলতে পারবেন?’
অন্যরা দুজনের দেহভঙ্গি দেখে তাদের মধ্যে কোনো ধরনের উত্তেজনা বা মতবিরোধের ইঙ্গিত রয়েছে বলে ধারণা করছেন। তবে ভিডিওতে এমন কোনো প্রমাণ নেই যে তারা তর্ক করছিলেন বা তাদের মধ্যে কোনো বিরোধ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো জল্পনার সঙ্গে ট্রাম্পের সহযোগী নাটালি হার্পের নামও জড়ানো হয়েছে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলে তার ভূমিকা এবং ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এর আগেও অনলাইনে তাকে নিয়ে নানা আলোচনা হয়েছে।
কিছু ব্যবহারকারী কোনো প্রমাণ ছাড়াই মেলানিয়া ও ট্রাম্পের কথিত উত্তেজনার সঙ্গে হার্পের উপস্থিতিকে যুক্ত করার চেষ্টা করেছেন।
একজন লিখেছেন, ‘মনে হচ্ছে আজকের ফ্রিডম ২৫০ অনুষ্ঠানে কোনো বিষয় নিয়ে ট্রাম্প ও মেলানিয়ার মধ্যে তর্ক হচ্ছিল। আমার ধারণা, বিষয়টি নাটালি হার্প।’
অন্য একজন লিখেছেন, ‘বুথে নাটালি হার্পকে দেখা যাওয়ার পরই মেলানিয়া চলে গেলেন।’
তবে ভিডিওতে মেলানিয়া কেন উঠে গেছেন বা ট্রাম্পের সঙ্গে তার কী কথা হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
