একটি সিনেমা যার টিজার প্রকাশের পর একসময় দর্শকের মধ্যে তৈরি হয়েছিল তুমুল উত্তেজনা। তারপর হঠাৎ থেমে যায় নির্মাণকাজ। কেটে যায় প্রায় এক দশক। তবে অপেক্ষার সেই গল্প এবার নয়া গুঞ্জনে মোড় নিচ্ছে। নতুন গল্প ও আধুনিক নির্মাণ পরিকল্পনায় বড় পর্দায় ফিরছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। জানা গেছে, সিনেমাটি নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর শুরু হতে পারে ছবিটির শুটিং। গল্পে কিছুটা পরিবর্তন আনার পাশাপাশি শিল্পী তালিকাতেও পরিবর্তন আসতে পারে। তবে শাকিব খানকে রেখেই নতুন করে ছবিটি নির্মাণে আগ্রহী সংশ্লিষ্টরা। আশিকুর রহমান পরিচালিত ও ভার্টেক্স মিডিয়ার কর্ণধার জানে আলম প্রযোজিত ‘অপারেশন অগ্নিপথ’ শুরু থেকেই আলোচনায় ছিল।
অস্ট্রেলিয়ায় ছবিটির কিছু অংশের শুটিং শেষে প্রকাশ করা টিজারে শাকিব খানের লুক ও অ্যাকশন ঘিরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। ছবিটি আটকে যাওয়ার পর সিনেমাটি সংশ্লিষ্ট এক ব্যক্তি শাকিব খানকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবে পরবর্তীতে অন্যের প্ররোচনায় মিথ্যা অভিযোগ করার কথা স্বীকার করে ওই ব্যক্তি শাকিবের কাছে ক্ষমা চান। এর পর থেকেই অনেকের ধারণা ছিল, ‘অপারেশন অগ্নিপথ’ কখনোই আর আলোর মুখ দেখবে না। কিন্তু এবার সেই ধারণা বদলে যাচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে, শাকিব খান, পরিচালক আশিকুর রহমান এবং প্রযোজক জানে আলম সংশ্লিষ্টরা সবাই নতুন করে সিনেমাটি করার বিষয়ে সম্মত হয়েছেন। বর্তমান সময় ও দর্শকের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পে পরিবর্তন আনা হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদ উৎসবের বাইরে যে কোনো সময় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
