দেশের একজন পরিচিত অভিনয়শিল্পী ও উপস্থাপক সামিয়া আফরিন। প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এতদিন লড়াইয়ের পর এবার তাকে নতুন করে আরও একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। প্রায় তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে। রোববার রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে নিজের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা এবং মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া। তিনি জানান, প্রায় তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। এরপর দ্রুত তার অস্ত্রোপচার করা হয়।
পরে চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে এই রোগের চিকিৎসায় তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর আগে ক্যানসারের চিকিৎসায় তাকে কেমোথেরাপি নিতে হয়নি। সামিয়া বলেন, প্রথমবার তার চিকিৎসা ইমিউনোথেরাপির মাধ্যমে চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই তার কাছে একেবারেই ভিন্ন। কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে চিকিৎসকদের কাছ থেকে এমন সতর্কতা পাওয়ার পর বিষয়টি নিয়ে ভেঙে না পড়ে বরং মানসিকভাবে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া।
চুল পড়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করিয়ে সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তিনি নিজের এই অভিজ্ঞতা তুলে ধরে সামিয়া বলেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে জানার পর বিষয়টি নিয়ে মন খারাপ না করে তিনি স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতিকে মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই; বরং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, চুল পড়ে যাওয়ার আগেই নতুন লুকটি উদযাপন করে নিজেকেই অনুপ্রাণিত করতে চেয়েছেন। সেই মুহূর্তের একটি ছোট ভিডিও ক্লিপও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
সামিয়া বলেন, যারা ক্যানসারের এই পথ পাড়ি দিয়েছেন, তারাই জানেন এই লড়াই কতটা কঠিন। নিজের কাছের কোনো মানুষকে যেন কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয় এমন প্রত্যাশাও জানিয়েছেন তিনি। কঠিন এই সময়ে সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। তিনি আশা প্রকাশ করেছেন, আল্লাহ যেন তার জন্য সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন তিনি নিজের শক্তি ধরে রাখতে পারেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
এর আগে ২০২৫ সালের মার্চে সামিয়া আফরিন প্রথমবার তার ক্যানসার জয়ের কথা সবাইকে জানান। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালে তার শরীরে চতুর্থ ধাপের ক্যানসার ধরা পড়েছিল। প্রায় দুই বছর চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হন।
