চীনে প্রায় ৩০ লাখ টেসলা গাড়ি প্রত্যাহার

ডোর হ্যান্ডেল ত্রুটি

চীনে প্রায় ৩০ লাখ টেসলা গাড়ি প্রত্যাহার

ফন্ট সাইজ:

চীনে তৈরি প্রায় ৩০ লাখ গাড়ি বাজার থেকে প্রত্যাহার (রিকল) করে নিচ্ছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গাড়ির ভেতরের লুকানো ডোর হ্যান্ডেল নিয়ে নিরাপত্তা ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। জরুরি পরিস্থিতিতে এসব হ্যান্ডেল খুঁজে পেতে এবং দরজা খুলতে সমস্যার সৃষ্টি হওয়ার অভিযোগ রয়েছে। এটি চীনের ইতিহাসে সবচেয়ে বড় গাড়ি প্রত্যাহারের ঘটনা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

টেসলা জানিয়েছে, তাদের মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস এবং মডেল এক্স গাড়ির ভেতরের দরজার হ্যান্ডেলগুলো বডির রঙের সাথে খুব বেশি মিলে যাওয়ায় জরুরি মুহূর্তে তা দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বড় ধরনের কোনো সংঘর্ষে গাড়ির বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়লে ভেতর থেকে বের হওয়া কিংবা বাইরে থেকে উদ্ধারকারী দলের কাজ ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। সমস্যা সমাধানে টেসলা গাড়ির ভেতর সতর্কীকরণ লেবেল লাগাবে এবং সংঘর্ষের সাথে সাথে গাড়ির জানালা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়ার জন্য নতুন সফটওয়্যার আপডেট পাঠাবে।

টেসলার মডেল এস জনপ্রিয় হওয়ার পর চীনের অন্যান্য গাড়ি নির্মাতারাও এই লুকানো বা রিট্র্যাক্টেবল ডোর হ্যান্ডেলের নকশা ব্যবহার শুরু করে। বর্তমানে এই সমস্যার কারণে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং, শাওমি ও গিলিও তাদের গাড়ি প্রত্যাহারের আওতায় নিয়ে এসেছে। এদিকে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে চীনে এমন কোনো গাড়ি বিক্রি করা যাবে না যাতে ভেতর ও বাইরে ম্যানুয়াল উপায়ে খোলার বিকল্প হ্যান্ডেল নেই বলে দেশটির কর্তৃপক্ষ ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে।