ফিলিস্তিন ও মিশরের গোয়েন্দাপ্রধানের বৈঠক

পশ্চিম তীরে উত্তেজনা

ফিলিস্তিন ও মিশরের গোয়েন্দাপ্রধানের বৈঠক

ফন্ট সাইজ:

ফিলিস্তিনি ইস্যুতে সমন্বয় জোরদার এবং অধিকৃত পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কায়রোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন মিশরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ। মিশরের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-কাহেরা নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ। এতে আরও ছিলেন ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিলের স্পিকার রুহি ফাত্তুহ এবং গোয়েন্দাপ্রধান মাজেদ ফারাজ।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ফিলিস্তিনি ইস্যুর সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচেষ্টা ঐক্যবদ্ধ ও সমন্বিত করার প্রয়োজনীয়তার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। বৈঠকের আগে আল-শেখের সঙ্গে ফোনে কথা বলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। ওই ফোনালাপে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সম্প্রসারিত বসতি স্থাপন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে জেরুজালেমের পূর্বাঞ্চলে প্রস্তাবিত ই-১ বসতি প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি গত বছর হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া ১৫ দফা গাজা চুক্তি এগিয়ে নেয়ার প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন তারা। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়তে থাকায় সেখানে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে মিশর ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে সাম্প্রতিক বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। বৈঠকে ফিলিস্তিনি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।