আগামী ৩রা অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। এই ম্যাচটি সামনে রেখে গতকাল কলকাতার ভেন্যু পরিদর্শনে আসেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায় মাঠ ও অনুশীলন ভেন্যু পছন্দ হয়নি তাদের। এরপরেই হুট করেই ঢাকা স্টেডিয়াম পরিদর্শনের সিদ্ধান্ত নেয় তারা। যে কথা সেই কাজ। গতকাল দুপুরে কলকাতা থেকে ঢাকা স্টেডিয়ামে
পরিদর্শনে আসেন সিবিএফ’এর কর্তারা।
বেশ কিছুক্ষণ ঘুরে দেখেন মাঠ ও স্টেডিয়ামের অন্যান্য সুযোগ-সুবিধা। সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। প্রায় ৪০ মিনিট পরিদর্শন শেষে মাঠ ছেড়ে যান প্রতিনিধিদল। এরপর সংবাদ মাধ্যমকে ইকবাল জানান, মাঠ ও সুযোগ সুবিধা দেখে নিজেদের ভাবনার কথা প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন বাফুফেকে। ভবিষ্যতে এই ঢাকা স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু করে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলবে অথবা বাংলাদেশের সঙ্গেও ম্যাচ খেলতে পারে। এরপরেই বসুন্ধরা কিংস অ্যারেনা দেখতে যায় ব্রাজিলের প্রতিনিধি দল। নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্রাজিলের ম্যাচ আয়োজন ঠিক কবে করবে বাফুফে, তা জানাননি ইকবাল। এমনকি বাংলাদেশের সঙ্গে খেলাই বা কবে, সেটাও জানা যায়নি তার সঙ্গে কথা বলে। এই প্রতিনিধি দল ঠিক কোন কারণে ঢাকায় এসেছে, তা পরিষ্কার নয় বাফুফের কাছেও।
অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। শোনা যায়, কলকাতা যাওয়ার আগে ঢাকায় এক বা দুই সেশন ট্রেনিংয়ের একটা পরিকল্পনা করছে তারা। তবে এ ব্যাপারে ইকবালের কাছ থেকে সেরকম কিছুই জানা যায়নি। তিনি বলেন, ‘বাংলাদেশ ফুটবলের একটা নতুন দিন এসেছে। আজকে যা হলো, তা ফুটবল ফেডারেশনের জন্য একটা গৌরবজনক দিন। ব্রাজিল থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ, সুযোগ সুবিধা, সবকিছু দেখে গেছে। তাদের লক্ষ্য হলো আগামীতে তারা যেকোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়।’ ইকবাল দাবি করেন স্টেডিয়ামের মাঠ ও সুযোগ-সুবিধা দেখে প্রতিনিধিদল ভীষণ আনন্দিত।
বাফুফের এই কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের বুঝিয়েছি যে মাঠের কাজ চলমান, আর হয়তো দুই সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। তারা পুরো স্টেডিয়াম ঘুরে দেখে বলেছে প্রয়োজনে তারা আরেকবার এসে দেখবে। তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ। তারা তাদের মতামত এখনই পুরাপুরি দেয়নি। পরে আমাদের জানাবে। তবে প্রাথমিকভাবে বলেছে যেকোনো ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এখানে করতে চায়।’ জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে বাফুফে সভাপতির সঙ্গে সভা করেন তারা। এরপর কিংস অ্যারেনা পরিদর্শনে যান ব্রাজিলের প্রতিনিধি দল। জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে কী কারণে আবার কিংস অ্যারেনায় তারা ছুটে গেলেন তা অবশ্য জানা যায়নি। বাফুফে জানিয়েছে, প্রতিনিধিদল গতকাল রাতেই ফিরে গেছে।
