বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু আজ

বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু আজ

ফন্ট সাইজ:

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল-২০২৬ এর পর্দা উঠবে আজ। স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘কিউট’। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএসপিএ। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল। হোম অব বিএসপিএতে বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে ক্রীড়া উৎসব শুরু হবে।

এ ক্রীড়া উৎসব উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। এবারের স্পোর্টস কার্নিভালে বিএসপিএ এর শতাধিক সদস্য ৮টি ডিসিপ্লিনের ১২টি ইভেন্টে অংশ নেবেন। ডিসিপ্লিনগুলো হলো- আরচারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কনট্রাক্ট ব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সবগুলো ইভেন্ট হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে।? ৭ই সেপ্টেম্বর কার্নিভালের পর্দা নামবে।