মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ট সহকারী নাটালি হার্পকে নিয়ে জল্পনা থামছেই না। এবার ট্রাম্পকে লেখা নাটালির দুইটি চিঠি ফাঁস হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দ্য ডেইলি বিস্ট চিঠি দুটি প্রকাশ করেছে।
প্রকাশিত একটি চিঠিতে হার্প লিখেছেন, আমি চাই আমাদের মধ্যে সবকিছু যেন সবসময় ঠিক থাকে। চিঠিটি টাইপ করে প্রিন্ট করা হয়েছিল এবং শেষে স্বাক্ষরও ছিল।
চিঠির শুরুতে ছিল, প্রিয় মি. প্রেসিডেন্ট এবং শেষে লেখা ছিল, আমার সমস্ত হৃদয় দিয়ে, নাটালি। এর আগে চিঠিটির কিছু অংশ নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছিল।
চলতি সপ্তাহে ট্রাম্পের পাশে হার্পের প্রায় সার্বক্ষণিক উপস্থিতি নতুন করে আলোচনায় আসে। ডেমোক্র্যাট সিনেটর জন অসফ তার এক বক্তব্যে হার্পের নাম উল্লেখ করে ট্রাম্পের সমালোচনা করেন।
তিনি কাতারের আমিরের দেয়া উড়োজাহাজে ট্রাম্পের সঙ্গে নাটালির ভ্রমণের বিষয়টিও তুলে ধরেন।
এর আগে গত জুলাইয়ে ইরানের হুমকির কারণে তুরস্ক থেকে গোপনে ছোট একটি উড়োজাহাজে করে ট্রাম্প ফেরার সময় সীমিতসংখ্যক সহযোগীর মধ্যে হার্পও তার সঙ্গে ছিলেন।
ডেইলি বিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের একটি চিঠিতে ট্রাম্পকে হার্প লিখেছিলেন, আমি কখনোই আপনাকে আনন্দ ছাড়া অন্য কিছু দিতে চাই না। আমি দুঃখিত যে আমি আমার মনোযোগ হারিয়েছিলাম। আপনিই আমার কাছে সবকিছু। আমি কখনোই আপনাকে হতাশ করতে চাই না। এই জীবনে আমার অভিভাবক ও রক্ষক হওয়ার জন্য ধন্যবাদ।
আরেকটি চিঠিতে ট্রাম্পের সঙ্গে তার পুরোনো সম্পর্কের কথা স্মরণ করেন হার্প। তখন তিনি রক্ষণশীল সংবাদমাধ্যম ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের উপস্থাপক ছিলেন।
তিনি লিখেন, টক শো করার সময় আপনি ফোন করতেন, তখনকার দিনগুলোকে আমি মিস করি। আমরা সবকিছু এবং কিছুই না- সব নিয়েই কথা বলতাম। আমি সেই বোঝাপড়াটা আবার ফিরে পেতে চাই। আমাদের সবসময় শুধু কাজ নিয়েই কথা বলতে হবে এমন তো নয়!
চিঠিটিতে হার্প আরও লিখেছিলেন, আর আমি যখন ভুল করি, দয়া করে আমাকে বলবেন। প্রয়োজন হলে আমাকে বকাঝকা করারও আপনার পূর্ণ অধিকার আছে, কারণ আমার মতো করে আমাকে কেউ জানে বা আমার জন্য ভাবে না।
দ্য ডেইলি বিস্ট জানিয়েছে, ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা নিয়ে একটি বই লেখার সময় লেখক মাইকেল উলফ এসব চিঠি সংগ্রহ করেন।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল সিএনএনকে দেয়া এক বিবৃতিতে হার্পের পক্ষ নিয়ে বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দলের অন্যতম অনুগত ও কঠোর পরিশ্রমী সহযোগী।
তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন, হার্পকে ঘিরে ব্যাপক ও তীব্র সমালোচনার ফলে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আরও বেশি মানুষের নজরে এসেছে।
সর্বশেষ শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউস থেকে সাউথ ক্যারোলাইনার উদ্দেশে রওনা হওয়ার সময় হার্পকে অন্যান্য সহযোগীর সঙ্গে মেরিন ওয়ানে উঠতে দেখা গেছে।
