মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তা বাহিনীর হামলা, নিহত ১৪

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তা বাহিনীর হামলা, নিহত ১৪

ফন্ট সাইজ:

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ মঠে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। হামলায় আরও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক সরকারের বিরোধী একটি সংগঠন ও স্থানীয় এক বাসিন্দা।

শুক্রবার (২১ আগস্ট) সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপের (সিডিএসওএম) মুখপাত্র নওয়ে উ জানান, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, একটি যুদ্ধবিমান গ্রামের বৌদ্ধ মঠের প্রাঙ্গণে বোমা হামলা চালায়। এতে ১৪ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী লেন্টকালীন ধর্মীয় আয়োজন উপলক্ষে ওই মঠ ও আশপাশে শতাধিক মানুষ অবস্থান করছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিমানটি প্রায় ১৫ মিনিটের ব্যবধানে গ্রামটিতে দুটি বোমা ফেলে। ওই বাসিন্দা সিডিএসওএমের দেয়া ১৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলায় তার শাশুড়িও নিহত হয়েছেন। বিবিসির বার্মিজ সার্ভিস ও স্থানীয় গণমাধ্যমগুলোও হামলায় ১০ থেকে ১৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। তবে হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দেশটির সামরিক কর্তৃপক্ষ দাবি করে আসছে, তারা কেবল বৈধ ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই হামলা চালায়।