পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে। দলটির অভিযোগ, সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ইমরান খানকে বেসরকারি হাসপাতালে না নিয়ে সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) পিটিআইয়ের আইনবিষয়ক উপদেষ্টা নাঈম পানজুথা বলেন, আবেদনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সরকারের অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে।
তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবিও আবেদনে জানানো হয়েছে।
গত মঙ্গলবার তিন বিচারপতির একটি বেঞ্চ ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে দুই দিনের মধ্যে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশের পর চিকিৎসা পরীক্ষার জন্য আদালত এই নির্দেশ দেন।
কিন্তু শুক্রবার সরকারি কর্মকর্তারা ইমরান খানকে শিফা হাসপাতালে না নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নিয়ে যান। সেখানে সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
পিটিআইয়ের অভিযোগ, পরীক্ষার সময় ইমরান খানকে তার ব্যক্তিগত চিকিৎসকের কাছেও যেতে দেয়া হয়নি। দলটির দাবি, এটিও আদালতের নির্দেশের লঙ্ঘন।
তবে পাকিস্তান সরকার জানিয়েছে, পিআইএমএসে করা স্বাস্থ্য পরীক্ষায় এমন কোনো সমস্যা পাওয়া যায়নি যার জন্য তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন রয়েছে।
