বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে নেমেই চিরচেনা ছন্দে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লীগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে বদলি হিসেবে নেমে গোল করলেন এই পর্তুগিজ মহাতারকা। এই গোলের সুবাদে পেশাদার ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৫ মৌসুমে গোল করার অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন সিআরসেভেন।
এর আগে টানা ২৪টি লীগ মৌসুমে গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন সুইডেনের কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। গত বছর ইব্রার রেকর্ডে ভাগ বসান ৪১ বছর বয়সী রোনালদো। এবার তাকে ছাড়িয়ে এককভাবে সিংহাসন দখল করলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি।১৯৯৯-২০০০ মৌসুম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রতি মৌসুমেই গোল করার এই ধারাবাহিকতা বিশ্ব ফুটবলের এক অনন্য দৃষ্টান্ত।
বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর অতিরিক্ত ছুটি নিয়ে পর্তুগালে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো। সে কারণে নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে মাঠে নামা হয়নি তার। শুক্রবারের রাতের ম্যাচে তাকে শুরুর একাদশেও রাখেননি কোচ আঞ্জে পোস্তেকোগলু। ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর ২১ মিনিটেই জালের দেখা পান তিনি। ম্যাচের ৮৩ মিনিটে আইমান ইয়াহইয়ার বাড়ানো নিচু ক্রস বক্সের ভেতরে পেয়ে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি। এই গোলসহ রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল এখন ৯৭৭টিতে। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তার আর মাত্র ২৩টি গোল প্রয়োজন।
চলতি ২০২৬-২৭ মৌসুমটিই নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ বছর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রোনালদো। আগামী বছরের জুনে আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রোনালদো বলেন, ‘দলের জয় এবং নতুন একটি রেকর্ড গড়তে পেরে আমি আনন্দিত। আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেয়া এবং ট্রফি ধরে রাখা।’
গত মৌসুমে আল নাসরকে লীগ শিরোপা জিতিয়ে ক্লাব ফুটবলে দীর্ঘ খরা কাটান রোনালদো। বর্তমান মৌসুমেও দুর্দান্ত শুরু করে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর। ২ ম্যাচের ২টিতেই জিতে শীর্ষে রোনালদোরা। দুই ও তিনে থাকা আল হিলাল ও নেওমের পয়েন্টও সমান ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে চূড়ায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
