মার্কিন প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যে ম্যারাথন বৈঠকেও সমস্যার সুরাহা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা চলছিল। কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যবিষয়ক মন্ত্রী ডমিনিক ল্যাব্লাঁ শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষ করেন। তবে কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি। ওদিকে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ হওয়ার কথা। যদি তার আগে কোনো সমঝোতা না হয়, তাহলে ট্রাম্প প্রশাসনের নীতিতে বাণিজ্য করতে হলে কানাডার ওপর ওই বাড়তি শুল্ক গুণতে হবে। আর যদি চুক্তি হয় তাহলেও শুল্ক মাফ পাবে না কানাডা। এক্ষেত্রে শুল্ক হার কমিয়ে দেয়া হতে পারে। এ বিষয়ে অনলাইন বিবিসি বলছে, চুক্তির পূর্ণ কাঠামো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করতে পারে যুক্তরাষ্ট্র। কানাডার গাড়ির ওপর শুল্কও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার কথা রয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অ্যালকোহলজাত পণ্যের বিক্রি পুনরায় চালু করতে এবং মার্কিন দুগ্ধ উৎপাদকদের কানাডার বাজারে আরও বেশি প্রবেশাধিকার দিতে সম্মত হতে পারে কানাডা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্কও প্রত্যাহার করার বিষয়টি বিবেচনা করছে দেশটি।
মন্ত্রী ডমিনিক ল্যাব্লাঁ বৈঠক শেষে বলেছেন, আলোচকদের আরও কাজ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো চূড়ান্ত করার জন্য মধ্যরাতের সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই তিনি এ কথা বলেন। ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কাজ করে যাব। আমাদের কাজ এখনো শেষ হয়নি। শুক্রবার রাতের মধ্যেই আলোচকদের চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। তা না হলে কানাডার বিস্তৃত পরিসরের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং অন্যান্য আলোচকের সঙ্গে প্রায় আট ঘণ্টা বৈঠক করেন ল্যাব্লাঁ। আলোচনার শেষ পর্যায়ে এসে তা ছিল এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ বৈঠকগুলোর একটি। সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেননি যে চূড়ান্ত কোনো চুক্তি হয়েছে কি না। তবে তিনি বলেছেন, বিষয়টি এগিয়ে চলছে।
কানাডা-যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক সমস্যার সমাধান হয়নি, চলছে আলোচনা
মানবজমিন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
২২ আগস্ট (শনিবার), ২০২৬, ৯ঃ০২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
