মন্ত্রিসভায় ৫ নতুন মুখ

মন্ত্রিসভায় ৫ নতুন মুখ

ফন্ট সাইজ:

মন্ত্রিসভায় আরও নতুন পাঁচজন সদস্য যুক্ত হয়েছেন। এর মধ্যে চারজন পূর্ণ মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী। একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন। সে হিসেবে নতুন পাঁচ মুখ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় বর্তমান সদস্য দাঁড়িয়েছে ৫৩ জনে। মন্ত্রিসভায় ২৭ জন পূর্ণ মন্ত্রী ও ২৫ জন প্রতিমন্ত্রী রয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই মন্ত্রিসভার নতুন সদস্যের শপথ পড়ান নতুন প্রেসিডেন্ট।

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আরও পড়ুন:
নতুন ঠিকানা

এ ছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। প্রেসিডেন্টের শপথের পর বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়লো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন উপদেষ্টা প্রতিমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান গত ১লা জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আর সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর দেয়া হয়নি।