সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ বলছে, চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে; তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
চাঁদপুর জেলা পুলিশের তথ্যমতে, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির সন্ধান পায় ডিবি পুলিশ। চক্রটি ফেসবুকের বিভিন্ন পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন প্রচার করে ক্রেতাদের আকৃষ্ট করতো। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করলেও পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করতো বলে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি’র ওসি মো. মজিবুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ডিবি’র এসআই মো. আনছার উল্লাহ ও এসআই মো. জিয়াউল হক জিয়ার সমন্বয়ে গঠিত একটি দল নড়াইলের কালিয়া থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায়। প্রথমে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ ওরফে হেদায়েত হুজুর (৪১) এবং পরে একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকা থেকে মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী ওরফে রাব্বী শরীফ (৩৬) কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রির নামে প্রতারণা করে আসছিল।
