নবনির্বাচিত প্রেসিডেন্টকে জেএসডি’র অভিনন্দন

ফন্ট সাইজ:

নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক যৌথ বিবৃতিতে শুভেচ্ছা বার্তা জানান। তারা বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির সততা, মার্জিত ও পরিশীলিত ব্যক্তিত্ব এবং সংবেদনশীল মনন তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে একটি মর্যাদাপূর্ণ অবস্থান দিয়েছে। আশা করি, তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নৈতিক দৃঢ়তা রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, রাষ্ট্রপতি কোনো দল বা রাজনৈতিক মতের প্রতিনিধি নন, তিনি প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। তাই আমরা প্রত্যাশা করি, মহামান্য রাষ্ট্রপতি দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন, মানবিক মর্যাদা ও জনগণের সার্বভৌমত্বের প্রতি অবিচল থেকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যাশা, নবনির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্রের সকল নাগরিকের অভিভাবকসুলভ আস্থার প্রতীক হয়ে উঠবেন এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন।