শিল্প খাতে তীব্র গ্যাস সংকটের মধ্যে পাইপলাইনের বাইরে থাকা কারখানাগুলোর জন্য বিকল্প জ্বালানি সরবরাহের পথ আবারো কিছুটা খুলেছে। প্রায় ৯ মাসের স্থবিরতা কাটিয়ে শিল্পে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) পরিবহন শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি। বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদনের পর কোম্পানিটির গ্যাস পরিবহনকারী টিউব ও ক্যাসকেড সিলিন্ডার ট্রেইলারগুলো আবার চলাচল শুরু করায় ঢাকা, গাজীপুর ও আশপাশের শিল্পাঞ্চলে পাইপলাইনের বাইরে গ্যাস সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
দেশে যখন গ্যাসের চাপ কমে অনেক শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, ঠিক তখনই ইন্ট্রাকোর এই কার্যক্রম পুনরায় শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে কোম্পানিটির নিজস্ব সক্ষমতা অনুযায়ী সরবরাহ এখনো চাহিদার তুলনায় অনেক কম। ফলে ইন্ট্রাকো পুরো সক্ষমতায় কাজ করলেও জাতীয় পর্যায়ের গ্যাস সংকট তাৎক্ষণিকভাবে কাটবে না। সাম্প্রতিক সময়ে শিল্প খাতের সংকট এতটাই তীব্র হয়েছে যে, তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএও সিএনজি ফিলিং স্টেশন থেকে ক্যাসকেড সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সংগ্রহের অনুমতি চেয়েছে। ২৮শে জুলাই দেয়া পৃথক চিঠিতে সংগঠন দু’টি সংকট চলাকালে কারখানাগুলো সচল রাখতে সাময়িকভাবে সিএনজি সংগ্রহের অনুমতি চায়।
