বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে মাথা বিচ্ছিন্ন

ফন্ট সাইজ:

বান্দরবানে মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে আম বাগানের শ্রমিক মো. নাসির (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ঘাতক মানিক (২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। গতকাল আনুমানিক বিকাল চারটার দিকে সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার এলাকায় মেম্বার আম বাগানে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. নাসির কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা। হত্যাকারী মো. মানিক চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাসিন্দা। পুলিশ ও শ্রমিকরা জানিয়েছে, গত বুধবার সকালে আটজন শ্রমিক ইউসুফ ও আবছার নামে এক ব্যবসায়ীর আম বাগানে কাজ করতে আসে। সে সময় মোবাইল ব্যবহার নিয়ে মানিক আর নাসিরের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো।

বিকাল দিকে আটজন শ্রমিক আম বাগানে গাছের ডালপালা ছাটাই করতে বের হন। এর আগে নাসির আর মানিক দু’জন সামনে চলে যায়। পরবর্তীতে বাগানের ভেতর নাসির ও মানিকের মোবাইলে ব্যবহার নিয়ে পুনরায় দ্বন্দ্ব শুরু হয়। বাকি ছয়জন শ্রমিক অন্যস্থানে বাগানের কাজে ব্যস্ত ছিলেন। মোবাইল ব্যবহার নিয়ে দু’জনের কথাকাটাকাটির একপর্যায়ে পেছন থেকে এসে ঘাতক মানিক দাঁ দিয়ে নাসিরের গলায় কোপ দেয়। এ ঘটনায় মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান নাসির। পরে ঘটনাস্থল থেকে ঘাতক মানিক পালিয়ে যান। টংকাবতী পুলিশ ফাঁড়ির অর্ণব বলেন, দুই শ্রমিকের মোবাইল ব্যবহার নিয়ে আগেও ঝগড়া ছিল। সেটিকে কেন্দ্র করে এক শ্রমিককে আরেক শ্রমিক হত্যা করে। টংকাবতী ইউনিয়ন চেয়ারম্যান মায়াং ম্রো ও মেম্বার মেংথাং ম্রো বলেন, ঘটনাটি বিকালের দিকে ঘটেছে।

আম বাগানে কাজ করার সময় দু’জনের মোবাইল ব্যবহার নিয়ে ঝগড়া হলে কোপ দিয়ে আরেক শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ বলেন, ঘটনাস্থল থেকে মাথা বিছিন্ন এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।