টাঙ্গুয়ার হাওরে হাউজবোট থেকে ছিটকে পড়ে শিশু নিখোঁজ

ফন্ট সাইজ:

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত হাউজবোট থেকে ছিটকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকালে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা চিকিৎসক শাহনুর রহমানের মেয়ে।

জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারি ওয়াটার ভিলা হাউজবোট’-এ করে মধ্যনগর থেকে যাদুকাটার উদ্দেশ্যে রওনা দেয়। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউজবোট থেকে হঠাৎ রুকাইয়া পরিবারের সদস্যদের অগোচরেই পানিতে পড়ে যায়। শিশুটি নদীতে পড়ে যাওয়ার পর হাউজবোটে থাকা পর্যটক ও স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাউজবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম বলেন, হাউজবোটে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।’ তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।