ফেনীর অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ফন্ট সাইজ:

ফেনী জেলার ৫৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩২৮টিতেই প্রধান শিক্ষক নেই। সে হিসেবে প্রায় ৫৮ শতাংশ প্রাথমিকে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চালানো হচ্ছে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। ফলে শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে প্রশাসনিক শৃঙ্খলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ছয়টি উপজেলার প্রায় সব ক’টিতেই শূন্যপদের একই চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে সোনাগাজী ও ফেনী সদর উপজেলায়। সোনাগাজীতে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৫টিতেই প্রধান শিক্ষক নেই। ফেনী সদরে ১৫১টি বিদ্যালয়ের মধ্যে শূন্যপদ ৭৬টি। ছাগলনাইয়ায় ৭৮টি বিদ্যালয়ের মধ্যে ৩৯টি পদ শূন্য।

দাগনভূঞায় ১০২টি বিদ্যালয়ের মধ্যে ৫৯টিতে পদ খালি। ফুলগাজীর ৬৭টি বিদ্যালয়ের মধ্যে ৪৫টি পদ শূন্য। পরশুরামের ৫১টি বিদ্যালয়ের মধ্যে ৩৪টিতে নেই স্থায়ী প্রধান শিক্ষক। দীর্ঘদিন প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় এই সংকট তীব্র হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়তি দায়িত্ব দেয়া হচ্ছে। একদিকে স্কুলের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সামলানো, অন্যদিকে নির্ধারিত ক্লাস নেয়া দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার সভাপতি ও সরিষদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর মেহেদী হাসান জানান, দীর্ঘদিন শূন্যপদ পূরণ না হওয়ায় স্কুলগুলো নিয়মিত পরিচালনায় নানা ধরনের প্রশাসনিক জটিলতায় পড়ছে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন খন্দকার বলেন, ২০০৯ সালের পর থেকেই প্রধান শিক্ষক পদে নিয়মিত পদায়ন একপ্রকার বন্ধ রয়েছে।

পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই অনেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্রুততম সময়ে গ্রেডেশনের ভিত্তিতে পদোন্নতির তালিকা তৈরি করে এ সংকট দূর করা প্রয়োজন। ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল জানান, জাতীয়করণকৃত শিক্ষকদের পদোন্নতিসংক্রান্ত একটি মামলা দীর্ঘদিন বিচারাধীন থাকায় পদায়ন স্থগিত ছিল। তবে সমপ্রতি মামলাটির নিষ্পত্তি হয়েছে। তিনি আরও বলেন, খুব শিগগিরই নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু হবে। শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা ও সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিতভাবে অবহিত করা হয়েছে।