দক্ষিণ সুরমা সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াক্ফ এস্টেট মাজার ও মসজিদ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুরে চকের বাজার তৈয়ব ছয়লানি মসজিদ ও ঈদগাহ-এর সামনে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন ২০ জন। আহতরা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতরা হলেন- শেখপাড়া গ্রামের প্রবীণ মুরুব্বি ও হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদের মোতাওয়াল্লি ফজলু মিয়া, শুয়েব আহমদ, আরিফুল হক রনি, লতিফুর রহমান মেহদি। তাৎক্ষণিক অন্য আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াক্ফ এস্টেট নিয়ে সিলাম শেখপাড়া গ্রামে দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।
শুক্রবার উভয়পক্ষের লোকজন মসজিদে নামাজ পড়তে আসেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। ঘণ্টাব্যাপী সংঘর্ষের ফলে চন্ডিপুল-বালাগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন মোগলাবাজার থানা পুলিশ ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি এবং স্থানীয় মুরুব্বিরা মিলে সংঘর্ষ থামান। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
