দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৪০ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৮২৯ শিশুর। একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে।
অর্থাৎ হাম ও হামের উপসর্গে এই সময়ে মোট ৯২৮ শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৫৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ২৮ হাজার ৮২৫ রোগী, যাদের মধ্যে এক লাখ ২৪ হাজার ৫৫৮ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।
