সিলেটের গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের বিরুদ্ধে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। পাশাপাশি ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি গ্রামে এ ন্যক্কারজনক গণধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নগর ডেংরি গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল ও একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। পুলিশ জানায়, তারা ভুক্তভোগীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী। গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল জানান, সরকারি জরুরি সেবা ৯৯৯-এর ফোনের খবরে দ্রুত পুলিশ পাঠিয়ে ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমকে উদ্ধার করে ওসিসিতে পাঠানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
