‘অতীত ভুলে’ পাঁচদিনই ভালো করতে চায় শান্তরা

‘অতীত ভুলে’ পাঁচদিনই ভালো করতে চায় শান্তরা

ফন্ট সাইজ:

ডারউইন টেস্ট জয়ের পর ম্যাকাইয়ের কন্ডিশনে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৬টায়। তবে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি থাকলেও এখনই বড় কোনো পরিকল্পনায় না গিয়ে সেশন ধরে ধরে এগোতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গতকাল ম্যাকাইয়ে সংবাদ সম্মেলনে শান্ত স্পষ্ট জানিয়ে দেন, ডারউইনের জয় এখন অতীত। পেশাদার ক্রিকেটার হিসেবে সেই সাফল্য দ্রুত ভুলে বর্তমান কন্ডিশনে নতুনভাবে শুরু করাই তাদের মূল লক্ষ্য।

টাইগার অধিনায়ক বলেন, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। তবে পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ।’ ডারউইনের মতোই সেশন ধরে ধরে সামনে এগোতে চান শান্ত। তার মতে, ফলও আসবে সেভাবেই। তিনি বলেন, ‘যদি প্রসেসটা ঠিক থাকে আমরা যদি সেশন বাই সেশন ভালো খেলতে পারি, ফল সেভাবেই আসবে। আগেই ফল নিয়ে চিন্তা করলে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জ এবং অনেক কঠিন হবে আমাদের জন্য। আমি বিশ্বাস করি ভালো ক্রিকেট খেলাটা জরুরি আমাদের জন্য। সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে হবে।’ ম্যাকাইয়ের বাড়তি বাউন্স ও বাতাস পেসারদের জন্য বাড়তি সুবিধা বয়ে আনতে পারে। চার পেসার খেলানোর সম্ভাবনা নিয়ে জানতে চাইলে শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। বাউন্স একটু বেশি ছিল। তবে আমাদের স্কোয়াডে পাঁচ পেসারই প্রস্তুত আছে। এছাড়া আমাদের দুই অভিজ্ঞ স্পিনার যেকোনো কন্ডিশনে ভালো বল করতে পারে। সকালের আবহাওয়া ও উইকেট দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

তিনি আরও বলেন, ‘বাতাসের জন্য বোলাররা সাহায্য পাবেই, সুইং কিছুটা পেতে পারে। বাতাস যদি কাজে লাগাতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য ভালো সুযোগ থাকবে।’ প্রথম টেস্টে তিন পেসার (হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন) নিয়ে একাদশ সাজালেও স্কোয়াডের একমাত্র বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অন্তর্ভুক্তি নিয়ে শান্ত বলেন, ‘শরিফুল সুস্থ আছে এবং ভালো বোলিং করছে। সুযোগ পেলে সে অবশ্যই ভালো করবে।’ প্রথম টেস্টে হেরে সিরিজে ব্যাকফুটে থাকা অস্ট্রেলিয়া যে ঘরের মাঠে কামব্যাক করার চেষ্টা করবে, তা ভালোভাবেই মাথায় আছে টিম ম্যানেজমেন্টের। এই কঠিন চ্যালেঞ্জ প্রসঙ্গে শান্তর মন্তব্য, ‘এমন বোলিং আক্রমণের বিপক্ষে খেলা সবসময়ই বড় সুযোগ। আমরা যদি এমন শক্তিশালী আক্রমণের বিপক্ষে রান করতে পারি, তবে যেকোনো জায়গায় রান করতে পারব। ফলাফল নিয়ে আগাম না ভেবে আমাদের লক্ষ্য টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলা। এখানেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই।’ দলের চোট সমস্যা নিয়ে স্বস্তির খবর দিয়েছেন অধিনায়ক।

ঘাড়ে অস্বস্তির কারণে আগের দিন অনুশীলন না করা ওপেনার তানজিদ হাসান তামিম স্ক্যান শেষে গতকাল নেটে ব্যাটিং করেন। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ানকে নিয়ে শান্ত বলেন, ‘তামিমের বিষয়ে যেটা বললেন, আজকের দিনটা ইতিবাচক। তবে কাল সকাল পর্যন্ত আমরা আরেকটু দেখতে চাই। আশা করি সে ঠিক হয়ে যাবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে, তাই মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’ এছাড়া সামান্য চোট পাওয়া অভিজ্ঞ মুশফিকুর রহীমও প্রস্তুতি সেরেছেন। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শান্ত বলেন, ‘সব মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।

কাল সকালে কন্ডিশন বুঝে আমরা সেরা একাদশ ঘোষণা করবো।’ ডারউইনের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ৪২৬ রানে থামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রান করলে স্রেফ ৫৭ রানের লক্ষ্য দাঁড়ায় টাইগারদের সামনে। ৯ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পেঁৗঁছে যায় শান্তর দল। বিদেশে বাংলাদেশের এমন পারফরম্যান্সে একটি প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, এমন কন্ডিশনে কি দলের আরও বেশি ম্যাচ খেলা দরকার? শান্তর উত্তর, ‘(এমন কন্ডিশনে বেশি ম্যাচ) অবশ্যই খেলা উচিত । আমার মনে হয় না খেললে আমাদের নিজেদেরও উন্নতি হবে না বা নিজেদেরকে সেভাবে বিশ্ব ক্রিকেটে আমরা কতোটা সামর্থ্যবান, বুঝাতে পারবো না।’