টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ কামিন্স

টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ কামিন্স

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক ডারউইন টেস্টে ৯ উইকেটের দাপুটে জয়ে ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক সাফল্যের পর থেকেই প্রবল চাপের মুখে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে প্যাট কামিন্সের দলের সামনে ম্যাকাইয়ের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই । তবে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশকে আরেকবার প্রশংসায় ভাসালেন অজি অধিনায়ক।
ডারউইন টেস্টের হার নিয়ে বলতে গিয়ে কামিন্স জানান, নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিল না তারা। তার মতে, বাংলাদেশ দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট উপহার দিয়েছে এবং এই জয় টাইগারদেরই সম্পূর্ণ প্রাপ্য ছিল। অজি অধিনায়ক বলেন, ‘তারা আমাদের চেয়ে অনেক ভালো ছিল। দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে এবং লম্বা সময় ধরে ভালো খেলেছে। এখানকার কন্ডিশন ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন, তবুও তারা অসাধারণ খেলেছে।’

বাংলাদেশের জয়টি কোনো অঘটন ছিল কি না- এমন প্রশ্নের জবাবে কামিন্স বেশ নমনীয় সুরেই উত্তর দেন। তিনি স্বীকার করেন যে বাংলাদেশ অত্যন্ত ভালো ক্রিকেট খেলেছে, তবে ঘরের মাঠে নিজেদের ব্যর্থতাও অস্বীকার করেননি তিনি। কামিন্স বলেন, ‘দুটিই আসলে (অঘটন এবং ভালো খেলা)। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তবে ঘরের মাঠের দল হিসেবে আমাদের আরও ভালো ক্রিকেট খেলার দরকার ছিল, যা আমরা করতে পারিনি।’
২০১৭ সালের চট্টগ্রাম টেস্টের স্মৃতিচারণ করে অজি অধিনায়ক বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথম জেতেনি। তারা অনেক ভালো দল এবং এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে এসেছে। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে।’

এদিকে, ম্যাকাইয়ের অপরিচিত কন্ডিশন ও উইকেট নিয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত পরিষ্কার ছিলেন না কামিন্স। পিচ সম্পর্কে তখন তিনি জানান, ম্যাচ শুরুর আগে লাল বলের টেস্টের জন্য উইকেট দেখে তবেই চূড়ান্ত পরিকল্পনা সাজাবেন তারা। যদিও সংবাদ সম্মেলনের ঘন্টাখানেক পরই ঘোষণা করা হয় স্বাগতিকদের একাদশ। সেখানে বোলিং আক্রমণে কোনো পরিবর্তন আনা হয়নি। টিকে গেছেন অফ স্পিনার নাথান লায়ন। ফলে একাদশে ফেরার আশায় থাকা স্কট বোল্যান্ডকে অপেক্ষাতেই থাকতে হচ্ছে। ডারউইন টেস্টের দল থেকে বাদ গেছেন শুধু ব্যাটার জেক ওয়েদেরাল্ড। তার জায়গায় ঢুকেছেন ম্যাট রেনশ’। উল্লেখ্য, ডারউইন টেস্টের মহাকাব্যিক জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাকাইয়ে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় সিরিজ নিশ্চিত করতে নামবে টাইগাররা।