ঘরোয়া ফুটবলের অনিশ্চয়তা যেন কোনোভাবেই কাটছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লীগ কমিটির ঘোষণা অনুযায়ী, ২১শে আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল ২০২৬-২৭ মৌসুম। আর ২৫শে আগস্ট শুরু হওয়ার কথা ছিল ফেডারেশন কাপ এবং বাংলাদেশ ফুটবল লীগ ২৮শে আগস্ট। সপ্তাহখানেক আগে বাফুফে সভাপতি ঘোষণা দিয়েছিলেন, এই মৌসুমে চ্যালেঞ্জ কাপ হবে না। তবে যথাসময়ে ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লীগ শুরুর পরিকল্পনা তাদের আছে। বাফুফে ও প্রফেশনাল লীগ কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মাঠে গড়ানোর দিনক্ষণ নির্ধারিত আছে ২৫শে আগস্ট।
তবে এখনো দল চূড়ান্ত হয়নি, ড্র হয়নি। তাই নিশ্চিত, ঘরোয়া ফুটবল পেছাচ্ছে। তবে কতোদিন? তা নিশ্চিত করতে বলতে পারছেন না বাফুফের কর্মকর্তারা। এই অবস্থাতে কার্যনির্বাহী কমিটির সপ্তম সভায় বসছে বাফুফে। এই সভাতে ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশানের লেকশোর হাইটস হোটেলের ব্যালি কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে সভা। মোহামেডানসহ কয়েকটি ক্লাব এরই মধ্যে বর্তমান লীগ কমিটির পরিবর্তন চেয়ে খেলা পিছিয়ে দিতে বলেছে। ঘরোয়া ফুটবল পরিচালনা কমিটির চেয়ারম্যান একটি ক্লাবের শীর্ষ কর্মকর্তা হওয়ায় নিরপেক্ষতা থাকছে না বলেও অনেকের অভিযোগ।
একগাদা দাবি সম্বলিত একটি চিঠি এরই মধ্যে বাফুফে সভাপতি বরাবর দিয়েছে বাংলাদেশ ফুটবল লীগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে খেলা দলগুলো। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান বলেন, ‘অনুশীলনের জন্য আমাদের সময় লাগবে। ২৫শে আগস্ট ফেডারেশন কাপ কীভাবে হবে? এখন পর্যন্ত দলই ঠিক হয়নি। হয়নি ড্র। আমরা চিঠি দিয়েছি। আলোচনা করেছি। লীগ কমিটির লোকজন যে কি করতে চান তা বুঝি না।’ ফর্টিস এফসি, পুলিশ এফসি ও নবাগত সিটি ক্লাব ছাড়া প্রস্তুতির মধ্যে নেই কেউ। বসুন্ধরা কিংস ও ইয়ংমেন্স ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা ঝুলে আছে। তাই ঘরোয়া ফুটবল নিয়ে বাফুফেকে নিতে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কার্যনির্বাহী কমিটির এ সভায় গত কয়েকটি নিয়মিত ও জরুরি সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন, ষষ্ঠ মূলতবি সভার আলোচিত বিষয়সমূহ নিয়ে আলোচনা এবং ‘বাফুফে কংগ্রেস ২০২৫’-এর তারিখ ও
ভেন্যু নির্ধারণের বিষয়গুলো থাকবে। তবে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিবিধ আলোচ্যসূচি। বিবিধ আলোচনায়ই ঘরোয়া ফুটবলের শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঘরোয়া ফুটবল শুরু করতে বাফুফে বিপাকেই পড়তে যাচ্ছে। কারণ, ক্লাবগুলো থেকে খেলা পেছানোর চাপ আছে। বিশেষ করে মোহামেডান ও আবাহনী চাইছে বেশ কিছু দিন খেলা পিছিয়ে দিতে। কারন খেলা শুরুর কয়েকদিন পরই বন্ধ করতে হবে জাতীয় দলের অ্যাসাইনমেন্টের কারণ। ক্যাম্প শুরু করে অব্যাহত রাখা ক্লাবগুলোর বাড়তি খরচ। তাই বাফুফে এক তরফা কোনো সিদ্ধান্ত নিলে ক্লাবগুলোই বা কতটা মানবে সেটাও দেখার বিষয়। ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খান বলেন, ‘কী যে হচ্ছে ঠিক জানি না। এখন পর্যন্ত যে তারিখ নির্ধারণ আছে তাতে ২৫শে আগস্ট ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা। তবে তিন দিন আগেও তো টুর্নামেন্টের ড্র হয়নি।
দলও ঠিক নেই। এখনো দুটি দল
সাসপেনশন তুলতে পারেনি। তারা ক্লাব লাইসেন্সিংও সম্পন্ন করতে পারেনি।’ বোঝাই যাচ্ছে আগস্টে ফুটবল মাঠে নেয়া সম্ভব না বাফুফের প্রফেশনাল লীগ কমিটির পক্ষে। যদিও বাফুফে সভাপতি বলেন, নির্ধারিত সময়েই হবে। ২৫শে আগস্ট ফেডারেশন কাপ না হলে কতোদিন পেছাবে, নতুন তারিখ কবে হতে পারে- এই প্রশ্নের উত্তর বাফুফে ভবনের কারও কাছেই নেই। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। প্রফেশনাল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীকেও ফোন করে পাওয়া যায়নি।
