ভিসা জটিলতায় শেষ পর্যন্ত থাইল্যান্ড সফর বাতিল করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। বৃহস্পতিবার থাইল্যান্ডের ভিসা হাতে পেলেও ততক্ষণে প্রস্তুতি ম্যাচের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ফলে আগামী ৩১শে আগস্ট উজবেকিস্তানে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আগে দেশে থেকেই প্রস্তুতি সারতে হবে দলটিকে। এশিয়া কাপের মূলপর্বে যাওয়ার আগে থাইল্যান্ডে সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ১৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি ভিসা না পাওয়ায় বাতিল হয়। এরপর ২৫ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটিও অনিশ্চিত হয়ে পড়ে।
নির্ধারিত সময়ে বাংলাদেশ দল থাইল্যান্ডে যেতে পারবে কি না, সেই অনিশ্চয়তায় বুধবারই অন্য প্রতিপক্ষ খুঁজে নেয় ইন্দোনেশিয়া। ফলে বৃহস্পতিবার ভিসা পাওয়ার পরও থাইল্যান্ড সফর বাতিল করতে হয়েছে বাংলাদেশকে। কয়েকদিন আগে থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করেছিল বাফুফে। দ্রুত ভিসা করানোর চেষ্টা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও। কিন্তু সময়মতো ভিসা না হওয়ায় ফ্লাইট ও ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তাই সফর বাতিলের কারণ হয়ে দাঁড়ায়। বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না থাকায় এখন ঢাকাতেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফর্টিজ ও পুলিশের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে বাহরাইন সফরেরও পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সেই সফরে যেতে আগ্রহ দেখায়নি দলীয় ম্যানেজমেন্ট। এদিকে এই অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে এবার বেশ আশাবাদী বাফুফে।
সমপ্রতি সাফ চ্যাম্পিয়ন হওয়া দলটি এশিয়া কাপের মূলপর্বেও ভালো করার স্বপ্ন দেখছে। দীর্ঘমেয়াদি প্রস্তুতির পাশাপাশি পাঁচ প্রবাসী ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যশোরের শামসুল হুদা একাডেমিতে কয়েক সপ্তাহ অনুশীলনের পর চার দিন আগে ঢাকায় ফিরেছে দল। এখন অনুশীলন চলছে কমলাপুর স্টেডিয়ামে। বৃটিশ কোচ জেরার্ড জোন্স ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। ৩১শে আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৩রা ও ৬ই সেপ্টেম্বর সিরিয়া ও ভারতের বিপক্ষে খেলবে তারা। এশিয়া কাপের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করছে জেরার্ড জোন্সের বাংলাদেশ অধ্যায়ও। তার কোচিং অভিজ্ঞতা ও সনদ নিয়ে প্রশ্ন না থাকলেও আচার-আচরণে বাফুফে অসন্তুষ্ট। ফলে কঠিন এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ঘাটতি কাটিয়ে দল কতটা সফল হতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।
