জাতীয় দলের ক্যাম্পে বারবার ডাক পেলেও চূড়ান্ত স্কোয়াডে থাকার ভাগ্য খুলছিল না বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা রাকিনের। অবশেষে ২৯ বছর বয়সে গত এপ্রিলে ব্যাংককে এশিয়ান গেমসের বাছাই পর্বে জাতীয় দলের জার্সিতে ওই তিনটি ম্যাচই খেলার সুযোগ হয় তার। এবার ভাইয়ের সঙ্গে একই স্কোয়াডে, তার জন্য দীর্ঘ এক অপেক্ষার অবসান। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় জিমিরও একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। ছোট ভাইয়ের সঙ্গে জাতীয় দলের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন ৩৯ বছরের জিমি।
জিমি বাংলাদেশের হকির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। রাকিন ক্লাব পর্যায়ে নজর কাড়েন। দুই ভাই ক্লাব হকিতে একে অন্যের বিপক্ষেও খেলেছেন। ক্লাব হকিতে উষা ও অ্যাজাক্সের হয়ে খেলার পর গত তিন মৌসুম ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের জার্সি গায়ে খেলেছেন রাকিন।
দুই ভাইকে নিয়ে এশিয়ান গেমসের আগে জার্মানির ক্যাম্পের অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত দল দিয়েছেন পিটার গেরহার্ড। জিমি, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলামের মতো চেনামুখরা ঠাঁই পেয়েছেন দলে এই জার্মান কোচের দলে। তিন জনকে স্ট্যান্ডবাই রেখেছেন পিটার। তারা হলেন এম এম মেহরাব হাসান সামিন, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়ন।
আগামী সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে পুল পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই পর্বের সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে।
বাকিরা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। এই প্রতিযোগিতা শুরুর আগে নিজের দেশ জার্মানিতে ট্রেনিং ক্যাম্প ও ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন গেরহার্ড। কিন্তু ভিসা জটিলতায় জার্মানি যাওয়ার বিষয়টি থমকে আছে এখনও। সমপ্রতি ক্যাম্প করতে চীনে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। দলে সুযোগ পাওয়াদের সঙ্গে তিন স্ট্যান্ডবাই তারা তিন খেলোয়াড়ও যাবেন চীনে। দল নিয়ে হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছি বেশি দিন হয়নি। এত কম সময়ে দল নিয়ে বেশি কিছু করা সম্ভব হয়নি। তারপরও যারা আছে তাদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। আমরা চাই মূল প্রতিযোগিতায় যাওয়ার আগে অন্তত ৬-৭টি প্রস্তুতি ম্যাচ খেলার। জার্মানিতে যাওয়ার চেষ্টা করছি, রোববারের মধ্যে সেটি জানা যাবে। না হলে চীনেও আমাদের ৬টি প্রস্তুতি ম্যাচের কথা প্রায় পাকা হয়ে গেছে।’
১৮ সদস্যের মূল স্কোয়াড: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, আশরাফুল ইসলাম, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, রোমান সরকার, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুস্কর ক্ষিসা মিমো, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান। স্ট্যান্ডবাই: এম এম মেহরাব হাসান সামিন, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়ন।
