ইংলিশ ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই শুরু হয়ে গেল। গতকাল পর্দা উঠলো ইংলিশ প্রিমিয়ার লীগ ২০২৬-২৭ মৌসুমের। গত দুই দশকের বেশি সময় পর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামে আর্সেনাল। তবে ২২ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে শিরোপা জেতা গানারদের জন্য পথটা মোটেও সহজ হবে না। ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসির মতো পরাশক্তিদের পরিবর্তন এবং নতুন কৌশলগত লড়াইয়ের কারণে এবারের মৌসুমকে বলা হচ্ছে সামপ্রতিক সময়ের সবচেয়ে উন্মুক্ত ও রোমাঞ্চকর শিরোপার লড়াই।
আর্সেনালকে কে থামাবে
গত তিন মৌসুমে রানার্সআপ হওয়ার পর অবশেষে গত বছর শিরোপার স্বাদ পায় আর্সেনাল। এবার তাদের স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে। ব্রুনো গিমারায়েস ও ক্রিস্তোস জোলিস দলে যোগ দেয়ায় গানারদের অবস্থান বেশ শক্ত। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের অন্দরে চলছে বড় পালাবদল। তবে উত্তর লন্ডনের ক্লাবটির জন্য বড় ধাক্কা উইলিয়াম সালিবার চোট। বিশ্বকাপ খেলার সময় পিঠে চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন এ ফরাসি ডিফেন্ডার। তার অনুপস্থিতি দলের রক্ষণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
গার্দিওলার বিদায়ের পর ম্যান সিটির ভবিষ্যৎ
গত এক দশকে ২০টি বড় ট্রফি জেতানো কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা অধ্যায়ের ইতি ঘটেছে। সিটির নতুন ম্যানাজার হিসেবে দায়িত্ব নিয়েছেন তার সাবেক সহকারী এনজো মারেস্কা। রদ্রি, জন স্টোনস এবং বার্নার্দো সিলভার মতো পরীক্ষিত তারকাদের চলে যাওয়ায় এমিরেটসের ক্লাবটি এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন মৌসুমে তাদের অন্তুর্ভুক্তির মধ্যে অন্যতম ইংলিশ মিডফিল্ডার এলিয়ট জুনিয়র ও উইঙ্গার জেরিমি মঙ্গা।
চেলসির দুর্দশা কতটা ঘোচাবেন আলোনসো
২০২২ সালে নতুন মালিকানা আসার পর থেকে চেলসি প্রিমিয়ার লীগের শীর্ষ চারে জায়গা করতে ব্যর্থ হয়েছে। গত মৌসুমে তো ১০ নম্বরেই তলিয়ে যায় তারা। তবে এবার বায়ার লেভারকুসেনকে জার্মান বুন্ডেসলিগা জেতানো কোচ জাভি আলোনসোকে নিয়োগ দিয়ে বড় চমক দেখিয়েছে ব্লুজরা। এছাড়া দলবদলে অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্সকে রেকর্ড ফি দিয়ে দলে ভিড়িয়েছে তারা।
নবাগতদের টিকে থাকার লড়াই
গত মৌসুমে সান্ডারল্যান্ড (সপ্তম) ও লিডস ইউনাইটেডের (চতুর্দশ) পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দেয়। এবার প্রিমিয়ার লীগে উঠে এসেছে হাল সিটি, কভেন্ট্রি সিটি এবং ইপসউইচ টাউন। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি চ্যাম্পিয়নশিপে দারুণ খেলে ফিরলেও, হাল সিটি কিছুটা ভাগ্যের জোরেই শীর্ষ লীগে জায়গা পেয়েছে। অন্যদিকে কোচ কিয়েলেন ম্যাককেনাকে ছাড়া ইপসউইচের প্রিমিয়ার লিগের শীর্ষ স্তরে টিকে থাকা এক বড় চ্যালেঞ্জ।
‘মিট ওয়াল’ বা কর্নার কিকের কৌশল কি শেষ হচ্ছে
গত মৌসুমে কর্নার কিক বা সেটপিস থেকে রেকর্ড ২৫.৭ শতাংশ গোল হয়েছে। বিশেষ করে আর্সেনাল এই ট্যাকটিক্স ব্যবহার করে দারুণ সাফল্য পায়, যেখানে বক্সে খেলোয়াড়েরা মানবপ্রাচীর বা ধাক্কাধাক্কির মাধ্যমে গোলকিপারকে আটকে রাখতেন। রেফারিদের ওপর নতুন নির্দেশনা দেয়া হয়েছে যাতে এই অপ্রয়োজনীয় ধাক্কাধাক্কি ও ফাউল কঠোরভাবে দমন করা যায়। দলগুলো এখন এই নিয়মের সাথে কীভাবে মানিয়ে নেবে, সেটাই দেখার বিষয়। ওপ্টার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, আর্সেনালের টানা দ্বিতীয় শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে ৩৮ শতাংশ, যেখানে ম্যান সিটি ২০.৫ শতাংশ এবং লিভারপুল ৯.২ শতাংশ সম্ভাবনা নিয়ে ঠিক পরেই রয়েছে।
