স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুম শুরু করলো অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যেই আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ টানাপড়েন নিয়ে চরম অবস্থান নিয়েছেন ক্লাবটির ক্ষুব্ধ সমর্থকরা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যাওয়ার জেদ এবং নিজের ইচ্ছার কথা প্রকাশ করায় এই স্ট্রাইকারকে নিয়ে মাদ্রিদে তীব্র সমালোচনার ঝড় বইছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছে যে, ক্লাবটির মাদাদাভোনদার ট্রেনিং গ্রাউন্ডের বাইরে ‘হুলিয়ান, গো আউট’ লেখা আক্রমণাত্মক ও অপমানজনক ব্যানার ঝুলিয়ে দিয়েছেন সমর্থকরা।
মাদ্রিদের সিউদাদ দেপোর্তিভা দে মাদাভোনদার প্রবেশমুখে দেখা মিলছে এক অস্বস্তিকর দৃশ্যের। সমর্থকদের টানানো সেসব ব্যানারে স্পষ্ট ভাষায় আলভারেজের অবিলম্বে ক্লাব ছাড়ার দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, তার ১৯ নম্বর জার্সির ওপর লাল রঙের ক্রস চিহ্ন বা নিষেধাজ্ঞা সাইন এঁকে নিজেদের চরম অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটিয়েছে রোহিব্লানকোস সমর্থকরা। ম্যানচেস্টার সিটি থেকে অতীতে বিপুল প্রত্যাশা ও রেকর্ড অর্থে মাদ্রিদে পা রাখা এই বিশ্বজয়ী তারকার সঙ্গে ক্লাবের এমন দূরত্ব সত্যিই নজিরবিহীন।
মালাগার বিপক্ষে মৌসুমের উদ্বোধনী ম্যাচে স্কোয়াডে ছিলেন না আলভারেজ। তবে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোর গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে ভেসে আসে ব্যাপক দুয়ো এবং কটূক্তিমূলক স্লোগান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ দিয়েগো সিমিওনেও সমর্থকদের এই ক্ষোভের মুখে আলভারেজকে রক্ষার জন্য কোনো মন্তব্য করেননি।
বরং তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি ভক্তদের অনুভূতির প্রতি সবসময় গভীর সম্মান প্রদর্শন করেন। মূলত বিশ্বকাপের সময় থেকেই বার্সায় গিয়ে নিজের স্বপ্ন পূরণের কথা প্রকাশ্যে বলেন আলভারেজ। এরপর থেকেই ক্লাবটির হর্তাকর্তাদের সঙ্গে তার মানসিক দূরত্বের সূচনা হয়। কাতালান ক্লাবটি তাকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব পাঠালেও, অ্যাটলেটিকোর প্রধান নির্বাহী মিগুয়েল আনহেল গিল মারিন এই প্রস্তাব এবং তাদের আচরণকে ক্লাবের প্রতি চরম অসম্মান হিসেবে দেখেন। ফলস্বরূপ, বার্সায় তার দলবদলের দরজা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে ইংলিশ ক্লাব আর্সেনালের পক্ষ থেকে জোরালো আগ্রহ প্রকাশ পেলেও, আলভারেজের বার্সাপ্রীতিই ভক্তদের মনে স্থায়ী ক্ষোভের আগুন জ্বেলে দিয়েছে।
গত ১৫ই আগস্ট শুরু হয়েছে লা লিগার ২০২৬-২৭ মৌসুম। আগামীকাল ভিয়ারিয়ালের বিপক্ষে অ্যাটলেটিকোর গুরুত্বপূর্ণ ম্যাচ।
