জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই রক্তাক্ত বিপ্লবের পর একটি কল্যাণকর ও ইনসাফভিত্তিক নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত এগিয়ে যাচ্ছে। জনগণ জামায়াতকে সরকারি দলের আসনে দেখতে চায়। আগামীর বাংলাদেশ পরিচালনায় দায়িত্বশীলদের মেধা ও প্রজ্ঞায় আরও সমৃদ্ধ হয়ে তৈরি হতে হবে। এক্ষেত্রে ইউনিয়ন দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মৌলভীবাজার জেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হলে জেলার ৬৭ ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে ‘আদর্শ সংগঠকের ভূমিকা’ শীর্ষক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম। মহাগ্রন্থ আল-কোরআনের সূরা আল মুমিনুন হতে দারস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শেখ আব্দুল হক।
দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ ও আব্দুল কুদ্দুস নোমান প্রমুখ।
