কিশোরগঞ্জের কুলিয়ারচরে নৈতিক স্খলনজনিত সুনির্দিষ্ট কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বিএনপি’র এক নেতাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ হতে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা জজ মিয়া (৫৫) উপজেলার আলীনগর পূর্ব পাড়া গ্রামের আ. গফুরের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক। তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ হান্নান। কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম এমপি অনুমোদনক্রমে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর আসনের এমপি মাজহারুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন।
বহিষ্কারাদেশে বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জজ মিয়ার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে দলীয় কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে গত ১৩ই আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে আলীনগর পূর্ব পাড়া গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে একটি জঙ্গলে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠে। ঘটনা প্রসঙ্গে শিশুটির পরিবারের সদস্যরা জানায়, ১৩ই আগস্ট সকালে শিশুটি লাকড়ি শুকাতে বাড়ির পেছনে যায়। এ সময় জজ শিশুটির মুখে গামছা পেঁচিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার ও জজকে আটক করে। অভিযোগ রয়েছে, স্থানীয়রা গ্রামীণ সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। তারা শিশুটির বাবাকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা দেয়ার কথা বলে জজকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জজ মিয়ার বিরুদ্ধে গত ১৫ই আগস্ট কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
