সরাইলে মহাসড়কের নিরাপত্তায় ভিক্টরের সিসি টিভি

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের দেড় কিলোমিটার এলাকার নিরাপত্তায় ২০টি সিসি টিভি স্থাপন করা হয়েছে। দুই থানার ওসি ও বিএনপি নেতা আনোয়ার হোসেনের চেষ্টায় ওই এলাকার শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানের (ভিক্টর) অর্থায়নে কাজটি সম্পন্ন হয়েছে। কুট্টাপাড়া থেকে ইসলামাবাদ পর্যন্ত সড়কের সবকিছু এখন সিসি ক্যামেরায় ভাসছে। ফুটেজ মনিটরিংয়ের দায়িত্বও নিয়েছেন তারা। সড়কের এই অংশে অপরাধ, চুরি, ছিনতাই, ডাকাতি রোধ ও দুর্ঘটনা খতিয়ে দেখায় সহায়তা করবে এই সিসিটিভি। এতে স্বস্তিবোধ করছেন সড়কে চলাচলকারী চালক যাত্রী ও পথচারীরা। পুলিশ, যাত্রী, স্থানীয় বাসিন্দা ও ব্যাগ কোম্পানি সূত্র জানায়, মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে ইসলামাবাদ (গোগদ) পর্যন্ত দেড়-দুই কিলোমিটার জায়গায় দিনে-রাতে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।

সর্বশেষ গত ১০ই জুলাই দিবাগত রাত ১০টার দিকে মহাসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর কিশোর পুত্র জিহাদ মিয়া (১৫) কে এক দল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে পাশের ঝোপে ফেলে যায়। পরে বিএনপি নেতা আনোয়ার হোসেন, সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া, খাঁটিহাতা হাইওয়ে থানার সাবেক ওসি মো. আবু তাহের দেওয়ান ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জিহাদ হত্যার স্থানসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট ঘুরে দেখেন।

এ সময় তারা ভিক্টর ব্যাগ ফ্যাক্টরির মালিককে সড়কে চলাচলকারী মানুষজন ও দেশের স্বার্থে প্রায় দেড় কিলোমিটার এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ করেছিলেন। কথা রেখেছেন ব্যাগ ফ্যাক্টরি। তারা ওই সড়কের অতি গুরুত্বপূর্ণ প্রায় দেড় কিলোমিটার এলাকায় একে একে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করেছেন। মনিটরিংয়ের জন্য ফ্যাক্টরির ভেতরে আলাদা একটি কক্ষে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকও সেটিং করেছেন। সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, আমাদের অনুরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে ভিক্টর কর্তৃপক্ষ এমন মহতী কাজটি করেছেন।