আওয়ামী লীগের মামলায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা রুবেল মিয়া (২৯)কে গ্রেপ্তার করতে তার বাড়িতে গেছেন পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে পৌরসভার আমুয়াকান্দা বাজার সংলগ্ন লেদু সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের হস্তক্ষেপে ও স্থানীয়দের তোপের মুখে গ্রেপ্তার না করে ফিরে যেতে বাধ্য হন থানা পুলিশের এএসআই শাহিন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রুবেল ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ভুক্তভোগী রুবেলের পরিবারের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের মতো এখনো তারা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে বিএনপি’র সিনিয়র নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ছাত্রদল নেতা রুবেল জানান, তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের প্রয়াত সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিনের ঘনিষ্ঠ সহচর ছিলেন। বিগত দিনে ছাত্রদল করতে গিয়ে গ্রেপ্তারসহ জেল খেটেছেন। এ বিষয়ে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।