টেকনাফে ২ লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে দুই লাখ পিস ইয়াবাসহ মো. জিয়া উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জিয়া কক্সবাজারের টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূর আহমদের ছেলে। শুক্রবার উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদে শুক্রবার ভোরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ টেকনাফের উনচিপ্রাং বিওপি’র একটি বিশেষ টহল দল ‘কুতুবের ঘের’ নামক স্থানে অবস্থান নেয়। এ সময় দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

পরে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি জিয়াকে আটক করে। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ২০টি কাটে রক্ষিত ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জিয়া স্বীকার করেন তিনি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব ইয়াবা মিয়ানমার সীমান্ত থেকে কিনে বহন করছিলেন। উখিয়া বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।