চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
রেঞ্জ পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, অভিযানে মোট ১৫১টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৫ হাজার ৭৮৪ পিস ইয়াবা, ৮৮ কেজি ১৫৩ গ্রাম গাঁজা, ৬৮১ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদ, ৪৭ বোতল স্কফ সিরাপ, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার ১৪৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের কাছ থেকে ৩৬ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
