হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানকে মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় জারুলিয়া বাজারের সচেতন নাগরিক সমাজ। শুক্রবার বিকাল ৫টায় চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজারে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক।
তার বিরুদ্ধে চলমান হয়রানির প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আয়োজকদের দাবি, একজন ব্যবসায়ীকে হয়রানি করার মাধ্যমে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং মিজানুর রহমানকে হয়রানি থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন। মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
