চড়া দেশি ইলিশের বাজার, ভারতীয় ইলিশে স্বস্তি

সাগরে সরবরাহ কম

চড়া দেশি ইলিশের বাজার, ভারতীয় ইলিশে স্বস্তি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফিশারিঘাটে ইলিশের বাজারে এখন যেন দুই চিত্র। একদিকে ভারত থেকে আসা ইলিশ তুলনামূলক কম দামে বিক্রি হওয়ায় ক্রেতাদের একটি অংশ সেদিকে ঝুঁকছেন। অন্যদিকে সাগর থেকে দেশি ইলিশের সরবরাহ কম থাকায় স্থানীয় ইলিশের দাম রয়েছে চড়া। গতকাল ফিশারিঘাটের পাইকারি ও খুচরা বাজার ঘুরে ব্যবসায়ী, জেলে ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
ব্যবসায়ীদের হিসাবে, বর্তমানে দেড় থেকে দুই কেজি ওজনের দেশি ইলিশ কেজি প্রতি প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এক থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা। আর ৫০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকায়। বড় আকারের ভালো মানের কিছু ইলিশের দাম আরও বেশি।

ফিশারিঘাটের ব্যবসায়ীরা জানান, মাছের আকার, ওজন ও মানের ওপর ভিত্তি করে দামের পার্থক্য হচ্ছে। এর মধ্যেই বাজারে এসেছে ভারতীয় ইলিশ। স্থলবন্দর দিয়ে দেশে আসা এসব ইলিশ চট্টগ্রামের বাজারেও বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামের কারণে ক্রেতাদের কেউ কেউ ভারতীয় ইলিশ কিনছেন। ফিশারিঘাটের বিক্রেতা নুরুল হক মানবজমিনকে বলেন, ভারতীয় ইলিশের দাম কম হওয়ায় অনেকেই সেটি কিনছেন। তবে দেশি ইলিশের স্বাদের জন্য আলাদা চাহিদা রয়েছে। ফিশারিঘাটের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, কয়েকদিন আগে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় অনেক মাছ ধরার ট্রলার কাঙ্ক্ষিত পরিমাণ মাছ নিয়ে ফিরতে পারেনি। ফলে বাজারে দেশি ইলিশের সরবরাহ কমেছে। সরবরাহ কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে দামে। জেলেদের কাছ থেকে আড়ত হয়ে বাজারে আসা ইলিশের দামও আকার ও মান অনুযায়ী ওঠানামা করছে।

জেলে কাঞ্চন সরদার জানান, সাগর থেকে মাছ ধরে ফিরলেও সবসময় প্রত্যাশিত দাম পাওয়া যায় না। কখনো ভালো দামে বিক্রি হলেও পরে একই ধরনের মাছ কম দামে ছাড়তে হয়েছে। এতে মাছ ধরার খরচ তুলেও অনেক সময় লোকসানে পড়তে হয়। জেলেদের হিসাবে, বর্তমানে বড় আকারের ইলিশ প্রতি মণ প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিছুটা ছোট আকারের ইলিশের দাম প্রায় ৬০ হাজার টাকা এবং আরও ছোট ইলিশ ৪০ থেকে ৫০ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। শুক্রবার ফিশারিঘাটে পাইকারি বেচাকেনা প্রায় শেষের দিকে থাকলেও খুচরা বাজারে ছিল ইলিশের ব্যস্ততা। পাইকারি আড়ত থেকে মাছ কিনে খুচরা বিক্রেতারা বড় ও মাঝারি আকারের ইলিশ নিয়ে বসেছেন। বাজার জুড়ে ক্রেতাদেরও উপস্থিতি দেখা গেছে। কেউ দেশি ইলিশের দরদাম করছেন, আবার কেউ তুলনামূলক কম দামের ভারতীয় ইলিশের খোঁজ করছেন।