বান্দরবানের লামা সদর ইউনিয়নে মাতামুহুরী নদীভাঙনে বিলীন হওয়ার পথে মেরাখোলা মুসলিম পাড়ার প্রাচীনতম কবরস্থান। ভাঙনের হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী শত শত ঘরবাড়ি ও ফসলি জমি। সরজমিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লামা উপজেলার সদর ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীর পাড়ে ৫০০ মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙনের কারণে হুমকিতে রয়েছে শত শত ঘরবাড়ি, মসজিদ, গাছপালা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। নদীভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ জনপদসহ অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসী।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে লামা সদর ইউনিয়নের আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হতে পারে। লামা সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ভাঙন ঠেকাতে না পারলে পুরো গ্রামটি বিলীন হওয়ার আশঙ্কা আছে। অবিলম্বে ব্লক বসানো প্রয়োজন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বান্দরবান জেলার উপ-সহকারী প্রকৌশলী অভিজ্ঞান চাকমা বলেন, লামা সদর ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার করবস্থানসহ নদীভাঙনের স্থানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
