কিশোরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে ২০০ শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকালে জেলা শহরের কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদকবিরোধী এই আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের পরিচালক (নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা) উপ-সচিব মো. রাজীব আহসান। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল। অনুষ্ঠানে অংশ নেয়া ২০০ ছাত্রকে মাদকবিরোধী শপথ বাক্য করান প্রধান অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের পরিচালক মো. রাজীব আহসান। এ ছাড়া আলোচনা সভায় ছাত্রদের মাঝে মাদকবিরোধী লিফলেট এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ হিসেবে জ্যামিতি বক্স, খাতা ও কলম বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় মো. রাজীব আহসান বলেন, মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকা অনেক। কেননা একমাত্র সচেতনতাই আমাদের এই মরণনেশা থেকে দূরে রাখতে পারে। এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা মাদকের কুফল ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হলে তা পরিবার ও সমাজে মাদকবিরোধী মনোভাব তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। এর মধ্যদিয়ে মাদকমুক্ত পরিবার ও সমাজ তৈরি করা সহজতর হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্ররা ছাড়াও শিক্ষক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের লোকজন উপস্থিত ছিলেন।
