চট্টগ্রামে মোবাইল নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে মোবাইল নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে সাকিব (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাকিব চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকার আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব রিকশায় করে কামাল বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় মোবাইল ফোন নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সাকিবকে হাসপাতালে নিয়ে আসা শরিফ উদ্দিন বলেন, লায়লা সেন্টারের সামনে সাকিবকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রাতে সাকিব নামে এক যুবককে ছুরিকাহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।