সরাইলে তিন এনজিও অফিসে ডাকাতি

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিদীপ, গার্ক ও পল্লী উন্নয়ন কর্মসূচি নামের তিন এনজিও অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সরাইল সদরের কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতের হামলায় রাব্বি মিয়া নামে এক কর্মকর্তা গুরুতর আহত হলে তাকে ঢাকায় নেয়া হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী একাধিক কর্মকর্তা জানান, আঞ্চলিক মহাসড়কের পাশে মো. সামছুদ্দিন নান্টু মিয়ার ছয়তলা ভবনের বিভিন্ন তলায় বেশ কয়েকটি এনজিও অফিস রয়েছে। গতকাল গভীর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত ভবনের প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কক্ষের দরজার বাইরের দিকের ছিটকিনিগুলো লাগিয়ে দেয়। পরে অফিস কক্ষের তালা কেটে ভেতরে কর্মকর্তাদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ড্রয়ার ভেঙে নগদ টাকা লুটে নেয়। এ সময় তৃতীয় তলায় সিদীপের হিসাব কর্মকর্তা রাব্বি ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি করলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। গার্কের ফিল্ড অফিসার স্বপন রাজবংশী বলেন, ডাকাতরা সিসিটিভির রেকর্ড বক্সটি নিয়ে গেছে।

তবে আমাদের দক্ষিণ পাশের ভবনে সিসিটিভি আছে। এত বড় ভবনে কোনো সিকিউরিটি গার্ডও নেই। ইতিমধ্যে সরাইল থানা পুলিশ, সার্কেল এসপি, ডিবি এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।