নড়াইলে ভাতিজার হামলায় চাচা-চাচি আহত

ফন্ট সাইজ:

নড়াইলের লোহাগড়া উপজেলার ছায়মানারচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজার নেতৃত্বে হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার ছায়মানারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমানের ছেলে মোহাব্বত আলী (৫৫), তার স্ত্রী করিমুন্নেছা (৪৬) এবং মেয়ে শিউলি আক্তার (১৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মোহাব্বত আলীর সঙ্গে তার ভাতিজা তবিবর মোল্যার বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে তবিবর মোল্যার নেতৃত্বে রানা মোল্যা, নুরনাহার বেগম ও তামান্নাসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, বল্লম ও বঁটি নিয়ে মোহাব্বত আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় মোহাব্বত, তার স্ত্রী করিমুন্নেছা ও মেয়ে শিউলি আক্তার মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহত মোহাব্বত আলী বলেন, তার ভাতিজা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখাচ্ছে। বিভিন্ন সময়ে হাঁস-মুরগি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেয়া আছে ও আদালতে মামলা চলমান রয়েছে। তিনি আরও বলেন, এসব বিষয়ে মীমাংসার জন্য শুক্রবার বাদ আসর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের আগেই তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।