প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষে আহত ৫, আটক ৪

ফন্ট সাইজ:

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৫জন আহত হয়েছেন। এছাড়া ইজিবাইকসহ উভয়পক্ষের ৫টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়িয়া গ্রামের রকফুল মুন্সীর বাড়ির সামনে আশরাফুল ইসলামের ৬ বছরের প্রতিবন্ধী শিশু হুসাইন ঘোরাঘুরি করছিলো। হুসাইন কেন রাতে একা বাড়ির বাইরে আসছে তা বলে পাঞ্জাব শেখ হুসাইনকে মারধর করে।

এ ঘটনার জেরে হুসাইনের চাচা রকফুল শেখ পাঞ্জাব শেখকে হুসাইনকে মারধরের কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় পাঞ্জাব, সমির শেখ, রিপন রকফুলের বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এ সংবাদ শোনার পর রকফুলের লোকজন পাঞ্জাব শেখ ও তার স্ত্রী লিলি বেগম, ভাই সমির শেখ ও ছেলে রিপন শেখকে কুপিয়ে আহত করে। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ সময় পাঞ্জাব শেখের ২টি ব্যাটারিচালিত ইজিবাইকসহ উভয়পক্ষের ৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করেছে। শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।