যুক্তরাষ্ট্র থেকে ২৩০০ এর অধিক মেক্সিকানকে গুয়াতেমালা ও হন্ডুরাসে পাঠাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে ২৩০০ এর অধিক মেক্সিকানকে গুয়াতেমালা ও হন্ডুরাসে পাঠাচ্ছেন ট্রাম্প

ফন্ট সাইজ:

মেক্সিকান নাগরিকদের সরাসরি নিজ দেশে না পাঠিয়ে তৃতীয় দেশ হিসেবে গুয়াতেমালা ও হন্ডুরাসে নির্বাসন দেয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। চলতি বছরেই দুই হাজার তিন শতাধিক মেক্সিকানকে গুয়াতেমালায় এবং কয়েক ডজন মেক্সিকানকে হন্ডুরাসে পাঠানো হয়েছে বলে সরকারি নথিতে প্রকাশ পেয়েছে। মার্কিন সরকারের এমন নতুন কৌশলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো নিশ্চিত করেছেন, চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ২ হাজার ২৮৪ জন মেক্সিকান তাদের দেশে পৌঁছেছেন। মেক্সিকো সরকারের সাথে সমঝোতার অংশ হিসেবে তাদের ট্রানজিট হিসেবে রাখা হচ্ছে এবং পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে তাদের বাসে করে মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হচ্ছে। মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটও (আইএনএম) এই স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নির্বাসিত ব্যক্তিরা যাতে পুনরায় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারেন, সেজন্য তাদের মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় দূরবর্তী এলাকায় পাঠানো হচ্ছে।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী ইতিহাসের বৃহত্তম নির্বাসন অভিযান চালাতে তারা সমস্ত আইনগত বিকল্প ব্যবহার করছে। তবে সরাসরি মেক্সিকোতে ফেরত না পাঠিয়ে অন্য দেশে স্থানান্তরের এই বিতর্কিত প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানিয়েছে মেক্সিকো সরকার। অভিবাসন আইনজীবীদের মতে, আশ্রয়প্রার্থীদের আইনি সুরক্ষা ও আদালতের বাধা এড়াতেই ট্রাম্প প্রশাসন তৃতীয় দেশে নির্বাসনের এই বিতর্কিত কৌশল বেছে নিয়েছে।