নিধিকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিধিকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ফন্ট সাইজ:

বেআইনি বেটিং অ্যাপের প্রচার নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। এবার সেই তালিকায় নাম উঠলো ভারতের দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়ালের। বুধবার হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজির হন অভিনেত্রী। তাকে পুলিশি নিরাপত্তার মধ্যেই ঊউ দপ্তরে ঢুকতে দেখা যায়। সেখানে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সেখান থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তবে তা এখনই তদন্তের খাতিরে প্রকাশ করছে না দপ্তর। বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচারসংক্রান্ত একটি চলতি তদন্তে নিধিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ, একাধিক তারকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিজেদের বিভিন্ন প্ল্যাটফরমের মাধ্যমে এ ধরনের অ্যাপের প্রচার করেছিলেন।

সেই প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষত তরুণদের এই প্ল্যাটফরমগুলোতে অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল কি না- তদন্তকারীরা সেটিই খতিয়ে দেখছেন। নিধির ক্ষেত্রে অবশ্য বুধবারের ঊউ-তে হাজিরাই প্রথম নয়। একই মামলায় এর আগে হায়দরাবাদ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কাছেও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন তিনি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে তার উপস্থিতি তদন্তের পরিধি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই তদন্তের সূত্রপাত এক ব্যবসায়ী পি এম ফণীন্দ্র শর্মার অভিযোগ থেকে। অভিযোগ, তারকা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের মাধ্যমে অনলাইন বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচার করা হচ্ছিল। তার অভিযোগের ভিত্তিতেই হায়দরাবাদের মিয়াপুর থানায় মামলা দায়ের হয়।