বিয়ের অনুষ্ঠানে তখন আনন্দ-উৎসব চলছিল। ভেতরে প্রায় ৫০০ অতিথী। বাইরে সারিবদ্ধ বিলাসবহুল গাড়ি। হঠাৎ একের পর এক পেট্রোলবোমা ছুড়ে হামলা চালানো হয়। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন অতিথীরা। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন শিশুসহ বেশ কয়েকজন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে যুক্তরাজ্যের বার্মিংহামের স্পার্কব্রুক এলাকায় হাইগেট রোডের রয়্যাল শালিমার ভেন্যুর বাইরে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত দুটি বিলাসবহুল গাড়িতে আগুন ধরে যায়। গাড়ি দুটি ল্যাম্বরগিনি ও ম্যাকলারেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে গাড়ির মডেল নিশ্চিত করা হয়নি।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরা তিন ব্যক্তি রাস্তার বিপরীত পাশে অবস্থান করছিলেন। তাদের একজন পরপর তিনটি জ্বলন্ত পেট্রোলবোমা ছুড়ে দেন। সেগুলো ভেন্যুর সামনের ফুটপাতে গিয়ে পড়ে। পরে আরেকজনকে গাড়ির সারির কাছে গিয়ে আগুন ধরাতে দেখা যায়। এতে মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। হামলার সময় গাড়িগুলোর আশপাশে বেশ কয়েকজন অতিথী অবস্থান করছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে কয়েকজন অতিথী দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। আবার কয়েকজন সাহস করে জ্বলন্ত বস্তুগুলো গাড়ি থেকে দূরে সরিয়ে দেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শী ফাহিম কায়ানি বলেন, বাইরে গোলযোগের বিষয়টি বুঝতে পেরে ভেন্যুর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। জরুরি সেবা পৌঁছানোর আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।
ফাহিম কায়ানি আরও বলেন, সবাই শান্ত থাকার চেষ্টা করলেও পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। বড় একটি বিয়ের অনুষ্ঠান চলছিল এবং সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। আগুন দেওয়া গাড়িগুলোর কাছেই তরুণরা দাঁড়িয়ে ছিলেন। তাদের একজন একটি জ্বলন্ত পেট্রোলবোমা গাড়ির নিচে চলে যাওয়ার আগেই লাথি মেরে সরিয়ে দেন। একটি ছোট শিশুও ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর তিন ব্যক্তিকে মোল স্ট্রিট দিয়ে দৌড়ে পালাতে দেখা যায়। পরে তারা একটি সাদা রঙের ভক্সওয়াগন গলফ গাড়িতে উঠে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এখনো হামলার উদ্দেশ্য বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার কারণ নিয়ে নানা জল্পনা । রয়্যাল শালিমারের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, এটি বার্মিংহামের হাইগেট রোডের একটি বড় বিয়ের ও অনুষ্ঠানকেন্দ্র। এর গ্র্যান্ড হলে একসঙ্গে ৮৫০ জন পর্যন্ত অতিথী বসতে পারেন। ভেন্যুটির ঠিকানা ২৩৮ হাইগেট রোড, বার্মিংহাম।
পুলিশ হামলার প্রত্যক্ষদর্শীদের এগিয়ে এসে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বার্মিংহামে বিয়ের অনুষ্ঠানের বাইরে পেট্রোলবোমা হামলা
আরিফ মাহফুজ, যুক্তরাজ্য থেকে
অনলাইন
৫৫ মিনিট আগে
২০ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ৫৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
