অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি বিষয়টি সবাইকে জানালেন। তবে নতুন এই পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তমার। এ অভিনেত্রী বলেন, অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানে সব সময় কাজ করে যাবো। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের বিষয়ে আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না। তমা বলেন, জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছি।
আগেই বলে রাখি- অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকবো এবং সামনে আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দেবো, ইনশাআল্লাহ্। সম্প্রতি অভিনয় জীবনের বাইরে একটি নতুন পরিচয় যোগ হয়েছে আমার জীবনে। আর তা হলো- দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে যোগদান করেছি। এখন থেকে অভিনয়ের পাশাপাশি নতুন এই পেশাতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে চেষ্টা করে যাবো। সব সময়ের মতোই আপনাদের ভালোবাসা আর দোয়ায় রাখবেন। আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তমা মির্জা। ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’সহ বেশ কিছু কনটেন্টে তার অভিনয় দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এদিকে, অভিনয়ে নতুন কাজ নিয়েও ব্যস্ত হতে যাচ্ছেন তমা। শিগগিরই ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন আফরান নিশো।
