লন্ডনে ইসলামবিদ্বেষী ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই বৃটিশ রাজধানীতে নথিভুক্ত মুসলিমবিদ্বেষী ঘটনার সংখ্যা ২০২৩ সালের পুরো বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা।
মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ও বৈষম্য পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত তারা মুসলিমবিদ্বেষ ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের ১ হাজার ৩১টি অভিযোগ নথিভুক্ত করেছে। অথচ ২০২৩ সালের পুরো বছরে এমন ঘটনার সংখ্যা ছিল ১ হাজার ২৮টি।
ইসলামবিদ্বেষী ঘটনার ক্ষেত্রে টেল মামা ‘অ্যান্টি-মুসলিম হেট’ এবং ‘অ্যান্টি-মুসলিম ভায়োলেন্স’- এই পরিভাষা ব্যবহার করে। চলতি বছরের শুরুতে বৃটিশ সরকারও ‘ইসলামোফোবিয়া’ শব্দটির পরিবর্তে একই পরিভাষা ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
টেল মামার পরিচালক ইমান আত্তা বলেন, এটি কোনো সাময়িক বিচ্যুতি নয়। মুসলিমবিদ্বেষী ঘৃণার ধারাবাহিক ও স্থায়ী বৃদ্ধি ঘটছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এর বিরুদ্ধে ধারাবাহিক, কঠোর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ প্রয়োজন।
টেল মামার পরিসংখ্যানে লন্ডনে মুসলিমবিদ্বেষী ঘটনার দ্রুত বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালে লন্ডনে এমন ঘটনার সংখ্যা ছিল ৩১৩টি। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৮১৮-তে। ২০২৪ সালে সংখ্যাটি রেকর্ড ১ হাজার ৯০৯টিতে পৌঁছায়।
২০২৬ সালের প্রথম ছয় মাসে নথিভুক্ত ঘটনাগুলোর মধ্যে মুসলিম নারীদের লক্ষ্য করে হামলা, নামাজের সময় হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন এবং বিদ্বেষমূলক বক্তব্যের মতো ঘটনা রয়েছে।
বৃটেনে ‘জরুরি মাত্রায়’ ইসলামবিদ্বেষ
বৃটেনজুড়ে ইসলামবিদ্বেষ নিয়ে উদ্বেগের মধ্যেই এসব পরিসংখ্যান প্রকাশ করা হলো। গত জুনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছিল, মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ “জরুরি মাত্রায়” পৌঁছেছে।
জুলাইয়ে পুলিশ ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে দুটি মসজিদে হামলার কথিত পরিকল্পনার অভিযোগে মামলা করে। কর্তৃপক্ষ জানিয়েছিল, ঘটনাটির সঙ্গে “চরম ডানপন্থী সন্ত্রাসবাদ”-এর যোগসূত্র রয়েছে।
চলতি বছরের শুরুতে এডিনবরায় ছুরিকাঘাতের ঘটনায়ও মুসলিমরা হামলার শিকার হন। বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংসতার মধ্যেও মুসলিমদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।
উগ্র ডানপন্থার উত্থান ও অনলাইনে বিদ্বেষ
বৃটেনে ইসলামবিদ্বেষ বৃদ্ধির পাশাপাশি দেশটিতে উগ্র ডানপন্থী তৎপরতাও বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে মুসলিমবিদ্বেষী বক্তব্যের বিস্তারও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
মে মাসে সাবেক ইংলিশ ডিফেন্স লীগের নেতা টমি রবিনসনসহ উগ্র ডানপন্থী ব্যক্তিরা মধ্য লন্ডনে ‘ইউনাইট দ্য কিংডম’ নামে একটি সমাবেশ আয়োজন করেন। সেখানে বক্তারা প্রকাশ্যেই মুসলিমবিদ্বেষী বক্তব্য দেন।
পাঁচ দিনে একটি মসজিদে হামলা
গত মাসে বৃটিশ মুসলিম ট্রাস্ট ‘মুসলিমবিদ্বেষ পর্যবেক্ষণে বৃটেন সরকারের সরকারি অংশীদার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বৃটেনে গড়ে প্রতি পাঁচ দিনে একটি মসজিদ হামলার শিকার হচ্ছে। মসজিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সরকারি তহবিল পেতেও অনেক প্রতিষ্ঠান সমস্যার মুখে পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অনেক মসজিদ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সরকারি অর্থ সহায়তার আবেদন করে মাসের পর মাস সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আবার কিছু আবেদন কোনো ব্যাখ্যা ছাড়াই প্রত্যাখ্যান করা হয়েছে।
তবে এর মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারগুলোর নিরাপত্তার জন্য সর্বোচ্চ ৪ কোটি পাউন্ড বরাদ্দ দেয়ার ঘোষণা আগেই দিয়েছে বৃটিশ সরকার।
পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে, অর্থ বরাদ্দের পাশাপাশি মুসলিমবিদ্বেষী হামলা ও উগ্র ডানপন্থী প্রচারণা ঠেকাতে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ জরুরি।
তথ্যসূত্র: দ্য নিউ আরব
