কিশোরগঞ্জে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট বাতিল

ফন্ট সাইজ:

ইমাম-উলামা পরিষদ ও তৌহিদী জনতার তোপের মুখে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা। বুধবার সন্ধ্যায় আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে স্থানীয় একটি রেস্তরাঁর আয়োজনে কনসার্টটির প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন আগে থেকেই। কনসার্টটিতে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ, নোব্যাল ম্যান, টিম সাথী অ্যান্ড ব্রাদার্স ও অন্যান্য শিল্পীদের পারফর্ম করার কথা ছিল। কিন্তু আগের দিন মঙ্গলবার রাতে প্রশাসন থেকে অনুমোদনহীন এই কনসার্টটি আয়োজন করা যাবে না বলে জানিয়ে দেয়া হয়। ফলে আয়োজনের শেষ মুহূর্তে এসে বুধবার দুপুরে কনসার্টটি বন্ধ করার ঘোষণা দেন আয়োজক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৯ই মে কিশোরগঞ্জ পৌরসভার মোড়ে আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। ওইদিন রেস্টুরেন্টটি উদ্বোধন করেন ক্রিকেটার সাব্বির রহমান।

রেস্টুরেন্টের ভোক্তাদের জন্য অফার হিসেবে রাখা হয় র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে মোটরসাইকেল জয়ের সুযোগ। এই র‌্যাফেল ড্র অনুষ্ঠান উপলক্ষে প্রায় এক মাস আগে কিশোরগঞ্জে একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল। সে অনুযায়ী ১৯শে আগস্ট তারিখ নির্ধারণ করে গত ২৫শে জুলাই জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ-এর আসার বিষয়টি রেস্টুরেন্টের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়। পরবর্তীতে নোব্যাল ম্যান ও টিম সাথী অ্যান্ড ব্রাদার্সসহ আরও অন্যান্য শিল্পীদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করেন। সে অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে কনসার্টটি আয়োজনের জন্য তিনি প্রস্তুতি চালিয়ে আসছিলেন। এ পরিস্থিতিতে গত ১৭ই আগস্ট এই আয়োজনকে ‘শরীয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট’ উল্লেখ করে কনসার্টটি বন্ধের জন্য ইমাম-উলামা পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ১৯শে আগস্ট বুধবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শরীয়তবিরোধী গান-বাজনার অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রকাশ্য এ ধরনের অনুষ্ঠান আল্লাহতায়ালার আজাব আসার কারণ।

এখন যদি এরকম প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব, শরীয়তবিরোধী উক্ত অনুষ্ঠান বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আবেদনের অনুলিপি দেয়া হয় পুলিশ সুপার, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কিশোরগঞ্জ সদর উপজেলার ইউএনও-কে। কনসার্ট বন্ধের এই আবেদনের বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি। এ রকম পরিস্থিতিতে মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টটিতে কোনো মেয়ে শিল্পী থাকবে না। কেবল অ্যাশেজ ব্যান্ডের জুনায়েত ইভান ও মাইনুল আহসান নোবেল কনসার্টে অংশ নিবেন। কনসার্টটি এশার নামাজের পর থেকে শুরু হবে বলেও জানানো হয়। এ ছাড়া আয়োজক আলিশান রেস্তরাঁ কনসার্টটিকে টিকিটবিহীন হিসেবে ঘোষণা দেয়। তাদের এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় রেস্টুরেন্টটিকে বয়কটের ঘোষণা দিয়ে অনেকেই পোস্ট দেন। সোশ্যাল মিডিয়ায় কনসার্ট আয়োজনের পক্ষে-বিপক্ষে শুরু হয় বাকযুদ্ধ। এ পরিস্থিতিতে কনসার্ট বন্ধ করার জন্য ইমাম-উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা, কিশোরগঞ্জের ব্যানারে বুধবার বাদ আসর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। কনসার্টকে ঘিরে একদিকে আয়োজনের প্রস্তুতি আর অন্যদিকে প্রতিবাদ কর্মসূচি নিয়ে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। এ রকম পরিস্থিতিতে মঙ্গলবার রাত ১১টার দিকে প্রশাসনের লোকজন পুরাতন স্টেডিয়ামে গিয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন।

এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টটি আয়োজনে প্রশাসন থেকে পূর্বে কোনো অনুমতি দেয়া হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দিয়েই তারা কনসার্ট আয়োজনের প্রচারণা চালিয়েছেন। কিন্তু বুধবার পর্যন্ত তাদের কোনো অনুমতি দেয়া হয়নি। এছাড়া আয়োজক প্রতিষ্ঠান “আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট”টির কার্যক্রম পরিচালনা করার জন্য বৈধ অনুমতি নেই। তাই অনুমোদনহীন এই প্রতিষ্ঠানের কোনো আয়োজনে প্রশাসন অনুমতি দিতে পারে না। এ রকম পরিস্থিতিতে বুধবার দুপুরে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল কনসার্টটি বন্ধ করার ঘোষণা দেন। এ ব্যাপারে তিনি বলেন, আমাদের কিশোরগঞ্জের আলেম সমাজ কনসার্ট আয়োজনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে নানা ধরনের অভিযোগ করেছেন। আমরা এর জন্যই মূলত কনসার্টটি বন্ধ করে দিয়েছি।